মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল- মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
ডিবি পু্লিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৩ মার্চ) জেলার রাজনগর থানার মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী রাস্তায় এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯ হাজার কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০ টাকা ধরলে যার সর্বমোট মূল্য প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা বলে ডিবি পুলিশ জানিয়েছে।
চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এসব চিনি এনেছে বলে জানিয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে’।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































